
মিরপুর স্টেডিয়ামসহ বাংলাদেশের কোনো স্টেডিয়ামের স্ট্যান্ড বা গ্যালারির নাম পরিবর্তনের সিদ্ধান্ত বর্তমান বোর্ড নেয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্ট্যান্ডের নাম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্যের জবাবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ অবস্থান জানায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবি জানায়, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের সব ইভেন্টে স্টেডিয়ামের স্ট্যান্ডগুলোর নাম যথাযথভাবে প্রদর্শন ও উল্লেখ করা হয়। বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক সিরিজেও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ সব স্ট্যান্ডের নাম দর্শক ও টেলিভিশন দর্শকদের কাছে স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।
বোর্ডের বিবৃতিতে বলা হয়, ম্যাচের টিকিট ও বিভিন্ন ইভেন্টের প্রচারণামূলক সামগ্রীতেও স্ট্যান্ডগুলোর নাম উল্লেখ করা হয়েছে।
বিসিবি আরও জানায়, স্টেডিয়ামের নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় অনেক ক্ষেত্রে স্ট্যান্ডগুলোর ব্যানার ক্ষতিগ্রস্ত হয় এবং কখনো কখনো সাময়িকভাবে সেগুলো খুলে নেওয়া হয়। তবে আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেট ইভেন্টে স্ট্যান্ডের নাম যথাযথভাবে প্রদর্শন করা হয়ে থাকে।
বোর্ডের দাবি, বর্তমান প্রশাসনের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়ানোর পরিকল্পিত প্রচেষ্টার অংশ হিসেবেই বিষয়টি সামনে আনা হয়েছে। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে নিজস্ব নীতিমালা অনুযায়ী কঠোর ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিসিবি।